চীনের মকিতে এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে হতাশার হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। স্বাগতিক চীনের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরেছে তারা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন স্বাগতিকরা। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বাংলাদেশ। ফিল্ড গোল করে দলকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১–১ সমতায়।
দ্বিতীয় কোয়ার্টারে আরও একবার এগিয়ে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে ফিল্ড গোল করেন মেহেদী হাসান। তাঁর গোলে ২–১ ব্যবধানে এগিয়ে থেকেই মধ্য বিরতিতে যায় বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে চীন। শেষ কোয়ার্টারে জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। কিন্তু ৫৩ মিনিটে আবারও গোল হজম করে বাংলাদেশ। এরপর বাকি সময়ে গোল শোধ করতে পারেনি তারা।
চীনের কাছে ৩–২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
এদিকে চীনে চলছে বাংলাদেশের হকির ব্যস্ততা। এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ নারী ও পুরুষ দুই দলই অংশ নিচ্ছে। একই সময়ে চীনের অন্য শহরে জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সিনিয়র পুরুষ হকি দল।
অনূর্ধ্ব-২০ পুরুষ দলের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। চীন ও মালয়েশিয়ার পাশাপাশি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান ও পাকিস্তান। এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে যুব হকি বিশ্বকাপে আবারও খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের পরবর্তী ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে।
সময়ের আলো/টিকে