ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউর সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র।
কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এসবিইউর ভবনে হামলার পর সেখানে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।
হামলার ঘটনাকে যুদ্ধ পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ড্রোনটি সরাসরি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধানের কার্যালয় লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এর জবাবে রাশিয়ার বিরুদ্ধে দৃশ্যমান ও সমপর্যায়ের প্রতিক্রিয়া দেখাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
রাশিয়ার সামরিক সক্ষমতা ও অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনের বিভিন্ন অভিযানে এসবিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলোচিত ‘স্পাইডারওয়েব’ ড্রোন অভিযানসহ বেশ কয়েকটি উচ্চঝুঁকির অভিযানের সঙ্গেও সংস্থাটির সম্পৃক্ততা রয়েছে।
এ কারণে কিয়েভের কেন্দ্রস্থলে এসবিইউর সদর দপ্তরে হামলাকে সাধারণ কোনো ড্রোন হামলা হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষকেরা। তাদের মতে, গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা রাশিয়া-ইউক্রেন সংঘাতের কৌশলগত উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
সময়ের আলো/এসএকে