ভারতের কেরালায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পানাম্বিক্কুন্নু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তামিলনাড়ুর দিনদিগুল থেকে আসা শিক্ষার্থীরা গাড়িতে করে গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিলেন। পথে নির্মাণকাজের কারণে সড়কের একটি অংশে ব্যারিকেড দিয়ে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ওই অংশে মহাসড়কের ডান পাশে একটি মহারাষ্ট্রের নম্বরপ্লেটযুক্ত লরি দাঁড় করানো ছিল।
পুলিশের ভাষ্য, লরিটি সেখানে অবৈধভাবে পার্ক করা ছিল। গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং চালক সম্ভবত ব্যারিকেড দেখতে না পাওয়ায় সরাসরি লরিটির পেছনে গিয়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ছয় শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও দুজনকে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁদের মধ্যে সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোহুয়া দিনদিগুলের বাসিন্দা। সান্থোষ ও প্রসন্নের বাড়ি মাদুরাইয়ে। অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে গাড়ির ভেতর থেকে শিক্ষার্থীদের মরদেহ বের করে। পরে মরদেহগুলো ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।
এ ঘটনায় কৈপমঙ্গলম থানায় লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের কাছ থেকে পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কয়েকটি পরিবার জানতই না যে তাদের সন্তানরা কেরালায় গিয়েছিলেন।
পরিবারের সদস্যরা ত্রিশূর মেডিকেল কলেজে পৌঁছানোর পর মরদেহগুলোর ময়নাতদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/কেএইচ