যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার অভিযোগে লিন্ডসে ক্ল্যান্সির বিচার মিস্ট্রায়ালে শেষ হয়েছে। সাত দিন ধরে আলোচনার পরও জুরি সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় শুক্রবার বিচারক উইলিয়াম সুলিভান মিস্ট্রায়াল ঘোষণা করেন।
এখন মামলাটি নতুন করে বিচারের দিকে এগোতে পারে। বিচারক জানিয়েছেন, শরৎকালের শেষ দিকে মামলাটির পুনর্বিচার শুরু করতে চান। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে একটি স্ট্যাটাস কনফারেন্সও নির্ধারণ করা হয়েছে।
ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন দ্রুত দ্বিতীয় বিচার শুরুর পক্ষে মত দিয়েছেন। তাঁর প্রাথমিক ইচ্ছা ছিল, সম্ভব হলে আগামী দুই সপ্তাহের মধ্যেই বিচার শুরু করা। তবে বিচারক বলেছেন, তিনি দ্রুত বিচার করতে চান, কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব হবে কি না, তা নিশ্চিত নন।
এদিকে, মামলাটি পুনরায় বিচারে যাবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি প্রসিকিউশন। প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ জানিয়েছেন, ভবিষ্যতে আদালতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কম অভিযোগে সমঝোতার সুযোগ
ক্ল্যান্সির বিরুদ্ধে বর্তমানে প্রথম ডিগ্রির হত্যার তিনটি অভিযোগ রয়েছে। ম্যাসাচুসেটসে সবচেয়ে গুরুতর এই হত্যার অভিযোগের ক্ষেত্রে জুরি ট্রায়াল বাধ্যতামূলক। তবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি চাইলে কম গুরুতর অভিযোগে দোষ স্বীকারের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দিতে পারেন।
বোস্টনের আইনজীবী এলিস হারশনের মতে, প্রসিকিউশন চাইলে প্রথম ডিগ্রির অভিযোগেই পুনর্বিচার করতে পারে অথবা পরবর্তী সময়ে কম গুরুতর অভিযোগে সমঝোতার প্রস্তাব দিতে পারে। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ডিস্ট্রিক্ট অ্যাটর্নির।
অভিযোগ কমানো হলে দ্বিতীয় বিচার এড়াতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত প্রসিকিউশন ভুক্তভোগীদের পরিবারের মতামত নেয়। তবে এ মামলায় ভুক্তভোগী ও অভিযুক্ত— উভয় পক্ষের পরিবার পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হওয়ায় সিদ্ধান্তে ভিন্নমত দেখা দিতে পারে।
স্থান পরিবর্তনের আবেদনও হতে পারে
দ্বিতীয় বিচার শুরুর আগে দুই পক্ষের আইনজীবীরা বিভিন্ন আইনি আবেদন করতে পারেন। এর মধ্যে মামলাটি প্লাইমাউথ কাউন্টির বাইরে অন্য কোনো আদালতে স্থানান্তরের আবেদনও থাকতে পারে। কারণ, কোনো পক্ষ মনে করতে পারে যে বর্তমান এলাকায় নিরপেক্ষ বিচার পাওয়া কঠিন।
সম্প্রতি মামলাটিকে ঘিরে জুরি সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবার এক নারীকে আদালত চত্বরে জুরি সদস্যদের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাক্ষী বা জুরিকে গুরুতরভাবে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এ ঘটনায় দ্বিতীয়বার প্লাইমাউথ কাউন্টিতে বিচার হলে সম্ভাব্য জুরি সদস্যদের ওপর একই ধরনের চাপ বা ভয়ভীতি তৈরি হতে পারে—এমন যুক্তিও আইনজীবীরা আদালতে তুলে ধরতে পারেন।
প্রমাণ ও সাক্ষ্য নিয়ে নতুন করে শুনানি
মামলার পুনর্বিচারে কোন প্রমাণ ও সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, তা নিয়েও নতুন করে আইনি লড়াই হতে পারে। আইনজীবী হারশনের মতে, প্রথম বিচারে নতুন কিছু তথ্য সামনে আসায় আগের কিছু আবেদনের অবস্থানও পরিবর্তিত হতে পারে।
ক্ল্যান্সির আইনজীবী রেডিংটন প্রসিকিউশনের বিশেষজ্ঞ সাক্ষীদের নিয়ে আগে থেকেই সমালোচনা করে আসছেন। তাঁদের মধ্যে চিকিৎসক আভ্রাম ম্যাকও রয়েছেন। তিনি সাম্প্রতিক মাসগুলোতে ক্ল্যান্সির সঙ্গে কথা বলেছেন এবং বিচারে হত্যাকাণ্ডের সময় তাঁর মানসিক অবস্থা নিয়ে সাক্ষ্য দিয়েছেন।
তবে দ্বিতীয় বিচারের আগে ক্ল্যান্সিকে এসব বিশেষজ্ঞের সঙ্গে আবার কথা বলার সুযোগ দেওয়া হবে কি না, সেটি বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হারশন।
এর মধ্যে ক্ল্যান্সিকে ম্যাসাচুসেটসের টিউকসবেরি হাসপাতালে ফিরিয়ে নেওয়া হবে। তিনটি হত্যার অভিযোগে তিনি জামিন ছাড়াই সেখানেই আটক থাকবেন।
সময়ের আলো/কেএইচ