দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘৪ হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি, অল্প সময়ে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি তিনবার মেডিকেলে এসেছি, নিয়মিত সভা করছি। গত সভার সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু হয়নি, কি কারণে হয়নি সেটি দেখা হবে।’
মন্ত্রী বলেন, ‘অ্যানেসথেসিয়ালোজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা যায়নি। ইতোমধ্যে সেই জনবল পদায়ন হয়েছে। আশা করছি, আমরা এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।’
আসাদুল হাবিব আরও বলেন, ‘গত ১৭ বছর স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম-দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্যখাতে সারাদেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
সময়ের আলো/মহু