বিএনপির নেতাকর্মীদের বুকের পাটা কতটুকু তা জানা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চট্রগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চের ফেনীর মহিপালে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি বাংলাদেশে শুনতে পাচ্ছি। পুরানো ফ্যাসিবাদকে মুক্ত করতে জনগণকে সাড়ে ১৫ বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। কিন্তু এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন তাদেরকে বিতাড়িত করতে সাড়ে ১৫ বছর অপেক্ষা করতে হবেনা। আমরা তাদের চিনি, আমরা এ মাটির সন্তান ও একসাথে চলেছি। ফলে কার কতটুকু বুকের পাটা তা দেখেছি।
জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার গডফাদাররা এখন দিল্লিতে, তাদের দাদা বাবুরা আছে কিন্তু আমাদের কোন দাদা বাবু নাই, আমাদের আছে গর্বের বাংলাদেশ। আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, এরপরেও দেশ ছাড়ি নাই।
শফিকুর রহমান বলেন, আমরা রাস্তায় নেমেছি দাবি নিয়ে, কাউকে নেতা বানানোর জন্য নয়। সরকারের ৬ মাস চলে যাচ্ছে, চলে যাবে আরও ১৮০ দিন। কিন্তু কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিবে, জটিলতা দেখা দিবে। প্রথম দিন থেকেই সরকার জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করছে। জনগণের ন্যায্য অধিকার যারা অপমান অপদস্থ করেছে তাদেরকে অতীতে করুন পরিণতি ভোগ করতে হয়েছে।
সময়ের আলো/আতা