৪০ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির চেষ্টা

রফিকুল ইসলাম সবুজ

জাতীয়

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এই চুক্তির বড় অংশের সুবিধা সীমাবদ্ধ রয়েছে কূটনৈতিক, সরকারি, অফিসিয়াল

2026-09-06T00:49:40+00:00
2026-09-06T00:49:40+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৪০ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির চেষ্টা
রফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এই চুক্তির বড় অংশের সুবিধা সীমাবদ্ধ রয়েছে কূটনৈতিক, সরকারি, অফিসিয়াল ও বিশেষ পাসপোর্টধারীদের মধ্যে। সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ কার্যত একটিমাত্র দেশ মালদ্বীপে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কানাডা ও ইতালিসহ আরও ৪০টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে চুক্তির খসড়া তৈরি করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগ্রহী দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে।

Advertisement
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২-এর উপসচিব কাজী আরিফুর রহমান জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে যে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে তার মধ্যে ৩১টি দেশের সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির চুক্তি রয়েছে। আরও দুটি দেশ জাপান ও উজবেকিস্তানের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য এ ধরনের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসামুক্ত প্রবেশের চুক্তি রয়েছে শুধু মালদ্বীপের সঙ্গে। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই সুবিধা প্রযোজ্য নয়।

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সঙ্গে।

এর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে অবস্থানকালও ভিন্ন। কোনো কোনো দেশে ৩০ দিন, কোথাও ৪৫ দিন, আবার কিছু দেশের ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত ভিসামুক্ত অবস্থানের সুযোগ রয়েছে। ভারতীয় ব্যবস্থায় কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ৪৫ দিন পর্যন্ত ভিসা অব্যাহতির কথা উল্লেখ রয়েছে। দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, তুরস্ক, লাওস, বেলারুশ ও কুয়েতসহ কয়েকটি দেশের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত ব্যবস্থা ১৯৮৩ সালে কার্যকর হয়। একই বছর মালদ্বীপের সঙ্গে সাধারণ নাগরিকদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি হয়। এরপর ১৯৮৯ সালে চীনের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতির চুক্তি, ১৯৯৭ সালে সিঙ্গাপুর এবং ১৯৯৯ সালে ভিয়েতনামের সঙ্গে এ ধরনের সমঝোতা হয়। 

পরবর্তী সময়ে ইন্দোনেশিয়া, চিলি, তুরস্ক, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভারত, মালয়েশিয়া, কুয়েত, জাপান, রাশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে ধাপে ধাপে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই তালিকায় যুক্ত হয়েছে ওমান, সার্বিয়া, ব্রাজিল, কাতার, কসোভো, বতসোয়ানা, আর্জেন্টিনা, কাজাখস্তান, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান, মঙ্গোলিয়া ও উজবেকিস্তান। 


এর মধ্যে গত বছর গাম্বিয়া, পাকিস্তান, মঙ্গোলিয়া ও উজবেকিস্তান— এই চার দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি হয়েছে। তবে সব চুক্তি এখনও একইভাবে কার্যকর হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় তিমুর-লেস্তে, মঙ্গোলিয়া ও উজবেকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ভিসা অব্যাহতির চুক্তিকে ‘প্রস্তাবিত’ বা এখনও কার্যকর হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কানাডা ও ইতালিসহ আরও ৪০টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে চুক্তির খসড়া তৈরি করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগ্রহী দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। 

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে মেক্সিকো, আলজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মিসর, ইতালি, দক্ষিণ সুদান, পেরু, জর্জিয়া, ইরান, আলবেনিয়া, ইরাক, নেদারল্যান্ডস, লিথুয়ানিয়া, রুয়ান্ডা, প্যালেস্টাইন, পোল্যান্ড, চেক রিপাবলিক, লাটভিয়া, সেইন্ট ক্রিস্টফার অ্যান্ড নেভিস, লেবানন, বাহরাইন, কিরগিজস্তান, ডোমিনিকা, উরুগুয়ে, নাইজেরিয়া, আফগানিস্তান, সৌদি আরব, আর্মেনিয়া, মালি, বসনিয়া হার্জিগোভিনিয়া, কানাডা, গুয়াতেমালা, আজারবাইজান, বুর্কিনা ফাসো, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। 

তবে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে আগ্রহী। তারা অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তিতে আগ্রহী নয় বলে সংশ্লিষ্টরা জানান।

বহিরাগমন অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন আরও ৪০ টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য কাজ চলছে। তবে এসব দেশের মধ্যে বেশিরভাগ দেশই শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে আগ্রহী। তারা অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি দিতে আগ্রহী নয়। বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করে  পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

আন্তঃমন্ত্রণালয় সভা করে ভিসা অব্যাহতি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির খসড়া তৈরির পর ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং ভেটিং হয়ে আসার পর খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশ  ভিসা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: