ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদারের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই

2026-09-06T08:43:44+00:00
2026-09-06T08:43:44+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম 
মস্কোতে পৌঁছানোর পর রাশিয়ার কিরিল দিমিত্রিয়েভের (মাঝে) সঙ্গে জ্যারেড কুশনার (বামে) এবং স্টিভ উইটকফ (ডানে)। ছবি : রয়টার্স
ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদারের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর কেন্দ্রস্থলে পুতিনের সরকারি বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। 

রুশ প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত ভিডিওতে পুতিনকে উইটকফ ও কুশনারকে স্বাগত জানাতে দেখা যায়। এ সময় পুতিন বলেন, বর্তমান পরিস্থিতি ‘এতটা সহজ নয়’। তবে এ ধরনের যোগাযোগ সব সময়ই উপকারী বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
বৈঠকের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান উইটকফ। 

বৈঠক সম্পর্কে পুতিন বলেন, ‘যা-ই ঘটুক না কেন, এ ধরনের যোগাযোগ নিঃসন্দেহে সব সময়ই উপকারী।’ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানান।

মার্কিন প্রতিনিধিদের উদ্দেশে পুতিন বলেন, তাদের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। একই সঙ্গে আলোচনায় রুশ পক্ষের আস্থার মাত্রা বেশ উচ্চ বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের পর পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ এটিকে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেন।

তিনি জানান, আলোচনায় শুধু ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়েই মতবিনিময় হয়নি। অর্থনৈতিক বিষয় এবং সম্ভাব্য বড় ও পারস্পরিকভাবে লাভজনক রুশ-মার্কিন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উশাকভ আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীর অগ্রগতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তাও আলোচনায় স্বীকার করা হয়েছে।

তবে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়লেও স্থলযুদ্ধে রুশ বাহিনীর অগ্রগতি তুলনামূলক ধীর। দীর্ঘ লড়াইয়ে রাশিয়ার ব্যাপক হতাহতও হয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

কিয়েভে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা

মস্কো সফরের পর রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। ইউক্রেনে এটিই হবে তাদের প্রথম সফর। তবে মস্কো থেকে তারা কীভাবে কিয়েভে যাবেন, তা এখনো স্পষ্ট নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে।

জেলেনস্কি শনিবার জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কিয়েভে বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের জন্য অপেক্ষা করছি এবং একটি সারগর্ভ আলোচনার জন্য প্রস্তুত আছি।’


জেলেনস্কি আরও জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত মস্কোর ওপর হামলা থেকে বিরত থাকার জন্য ইউক্রেন প্রস্তুত। একই সঙ্গে রাশিয়াও কিয়েভে হামলা বন্ধ রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সফর উপলক্ষে পুতিন তিন দিনের জন্য কিয়েভে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, রাজধানীর বাইরে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের জন্য কোনো যুদ্ধবিরতিতে রাশিয়া সম্মত হয়নি।

শান্তি আলোচনায় এখনো বড় মতবিরোধ

শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, উইটকফ ও কুশনার ‘যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব’ নিয়ে মস্কো যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত শান্তিচুক্তি হয়নি।

এর আগে মার্কিন মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পৃথক আলোচনা হয়েছিল। সে সময় যুদ্ধ শেষ করার একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো ইঙ্গিত দিয়েছিল। ইউরোপীয় মিত্ররাও প্যারিসে এ নিয়ে আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এবং দেশটির নিরাপত্তা নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো বড় ধরনের মতবিরোধ রয়েছে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই বিমান হামলা জোরদার করেছে। ইউক্রেন জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তারা হিমশিম খাচ্ছে। অন্যদিকে কিয়েভ রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

শনিবার জেলেনস্কি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বৈঠকের আগে রাশিয়া রাতভর কিয়েভ ও বোরিসপিল বিমানবন্দরে ‘প্রদর্শনমূলক’ হামলা চালিয়েছে। তার দাবি, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনে প্রবেশের সম্ভাবনা এবং কিয়েভ বা বোরিসপিল বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হয়েছে।

এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, মার্কিন প্রতিনিধিদের সফরের সময় রাশিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ইউক্রেনের ক্ষেত্রেও রাশিয়াকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ ছাড়া দনিপ্রো অঞ্চলে রাতভর রুশ হামলায় একটি বেসামরিক ভবনে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

উইটকফ ও কুশনারের মস্কো সফরের মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময় আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফও রাশিয়ার রাজধানী সফর করেছিলেন।

মস্কোর সর্বশেষ বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ওয়াশিংটন বা ক্রেমলিনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

সূত্র : বিবিসি 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ইউক্রেন যুদ্ধ  মস্কো  পুতিন  মার্কিন প্রতিনিধি  বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: