ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরা পড়েছে। ১৪০০ টাকা কেজি দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. এরশাদ হোসেন সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে স্থানীয় জেলে খালেক মাঝি ও তার সঙ্গীরা মেঘনা নদীতে জাল ফেলেন। জাল তোলার সময় ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে এই কোরালটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি নদী তীরবর্তী আড়তে আনা হলে স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীরা নিলামে অংশ নেন।
জেলে খালেক মাঝি বলেন, এর আগে কখনো নদী থেকে এত বড়ো কোরাল আমার জালে ধরা পড়েনি। বিকেলে জাল ফেলার পর ছোট-বড়ো নানা মাছের সঙ্গে এটি আটকা পড়ে। পরে নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ কেজির কোরালটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেছি।
মাছটির ক্রেতা এরশাদ হোসেন জানান, এত বড়ো কোরাল সচরাচর দেখা যায় না। কৌতূহলবশত তিনি এটি কিনেছিলেন। প্রথমে মাছটি ঢাকায় পাঠানোর ইচ্ছা থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা তা নিজেদের খাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরে কেটে ভাগ করে নেওয়া হয়।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জেলেরা ইলিশ সংকটের কথা বললেও এই মৌসুমে মেঘনায় এমন বড়ো আকৃতির কোরাল ধরা পড়া জেলেদের জন্য স্বস্তিদায়ক। সামনের দিনগুলোতে মেঘনা নদীতে ইলিশের পাশাপাশি আরও বড়ো আকৃতির অন্যান্য মাছও ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/জোই