ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম-এর সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান বিদায়ী সাক্ষাৎ করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) হ্যানয়ে ভিয়েতনামের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান অর্জনগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি কৌশলগত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ, উচ্চপর্যায়ের সফর এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন কাঠামো নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, পর্যটন খাতে সহযোগিতা আরও গতিশীল করা এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সময়ের আলো/জেডি