বিজ্ঞাপন শনাক্তকারী ব্যবস্থার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শনাক্ত ও হামলার আশঙ্কায় সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করে দিয়েছে মার্কিন সেনারা।
শুক্রবার প্রকাশিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন চিঠি এবং কর্মকর্তাদের বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রায় দুই মাস আগে তাদের কম্পিউটার ও মোবাইল ফোনে বিজ্ঞাপন শনাক্তকারী বন্ধ করা হয়েছে। ইউএস স্পেশাল অপারেশনস কমান্ডও সম্প্রতি তাদের উইন্ডোজ ডিভাইসে এটি বন্ধ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, মোবাইল ডিভাইসের বিজ্ঞাপন আইডি চলতি বছরের শুরু থেকেই নিষ্ক্রিয় করা হয়েছে।
বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে পেন্টাগনের কাছে জবাব চেয়ে আসছেন ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন। তার উদ্বেগ, বিজ্ঞাপন শিল্পে সংগ্রহ করা অবস্থানসংক্রান্ত তথ্য ডেটা ব্রোকারদের মাধ্যমে কেনাবেচা হয় এবং এসব তথ্য ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে থাকা মার্কিন সেনাদের গতিবিধি শনাক্ত করা সম্ভব।
সেনাবাহিনী জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারে বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগেই বন্ধ করা হয়েছিল। অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইল ডিভাইসে এটি অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ডিফল্টভাবে নিষ্ক্রিয় রয়েছে।
এদিকে, সামরিক বাহিনীতে মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। গত জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনাকে ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। সেনাদের অনলাইনে পোস্ট করা ভিডিও থেকে মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করে ইরান হামলা চালাতে পারে— এমন আশঙ্কা রয়েছে।
শুক্রবার ওয়াইডেন ও রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান পেন্টাগনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। সামরিক বাহিনী বাণিজ্যিকভাবে কেনা-বেচা হওয়া অবস্থানসংক্রান্ত তথ্যের ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করতে পেরেছে কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।
ওয়াইডেন বলেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো এই হুমকি পুরোপুরি ঠেকাতে কার্যকর হয়নি। হ্যারিগান বলেন, শত্রুপক্ষের হাতে যেন অর্থের বিনিময়ে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করার মতো তথ্য না পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
গোপনীয়তা ও বিজ্ঞাপন প্রযুক্তি বিশেষজ্ঞ জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক ডিভাইসে বিজ্ঞাপন আইডি বন্ধ করা ইতিবাচক পদক্ষেপ। তবে এতে ঝুঁকি পুরোপুরি দূর হবে না। বিভিন্ন অ্যাপ, নেটওয়ার্ক তথ্য ও ডিভাইসের কারিগরি বৈশিষ্ট্য ব্যবহার করেও সেনাদের অবস্থান শনাক্ত করা সম্ভব।
সময়ের আলো/জেডি