পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরি অননুমোদিত আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে চাপের মধ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া নির্মিত এসব আউটপোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত এসব স্থাপনায় কয়েকটি কারাভান বা অস্থায়ী ঘর থাকে এবং অল্পসংখ্যক বসতি স্থাপনকারী সেখানে বসবাস করেন। আউটপোস্টগুলোর কিছু ইসরায়েলি কর্তৃপক্ষ অতীতে উচ্ছেদ করেছে, আবার কিছু পরে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নির্দেশের আওতায় পশ্চিম তীরের প্রায় ১০০টি আউটপোস্ট থাকতে পারে। তবে উচ্ছেদ অভিযান কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচও নেতানিয়াহুর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এর বিরোধিতা করেছেন। স্মতরিচ বলেন, পশ্চিম তীরের ‘এরিয়া এ’ ও ‘এরিয়া বি’তে নির্মিত স্থাপনাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘এরিয়া সি’তে ইসরায়েলি বসতি সম্প্রসারণে সরকার বড় ধরনের অগ্রগতি করেছে।
নেতানিয়াহুর এই পদক্ষেপের আগে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছিল। শনিবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারের নিজ বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বসতি স্থাপনকারীদের হামলা ও অবরোধের পর পরিবারগুলোকে তাদের বাড়ি ছাড়তে হয়েছিল। আদালত বসতি স্থাপনকারীদের এ ধরনের কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।
ইসরায়েলি সংগঠন পিস নাওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে প্রায় ৩৪০টি অননুমোদিত আউটপোস্ট রয়েছে। এর বাইরে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ১৪৬টি বসতিকে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ মনে করে জাতিসংঘসহ অধিকাংশ দেশ। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে একমত নয়।
সময়ের আলো/জেডি