মাদারীপুর ১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে হানজালা বলেন, নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ দায়িত্বকে তিনি দেশের প্রযুক্তিখাতের অগ্রযাত্রায় ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে দায়িত্বশীলভাবে কাজ করার চেষ্টা করবেন।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদীয় তদারকি এবং নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিও দেশের টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা খাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন হানজালার রাজনৈতিক অনুসারী ও সমর্থকেরা।
সময়ের আলো/জোই