প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৫৫ পিএম
বাঘা থানা। ছবি : সময়ের আলো রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার ঘটনায় শিমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় শমজান আলী (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে স্থানীয় একজনের বাড়িতে গরু চুরির চেষ্টা করেন তারা। এরপর বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় এলাকার লোকজন আটক করে খুঁটির সাথে বেধে রাখেন। সকালে দফায় দফায় তাদের মারপিট করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। আহত শমজান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, তারা মাদকাসক্ত। কোন কাজকর্ম করে না। সোমবার রাতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। এতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী বাদী হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
সময়ের আলো/এনএন