এলএনজি টার্মিনালসহ বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা, মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং সাম্প্রতিক নীতি সংস্কার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ প্রকল্পের প্রসঙ্গ তুলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে। বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন কোম্পানিগুলো দ্রুত এফএসআরইউ সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে তাদের প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্বল্প সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা উপস্থাপন করলে তা তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।
আমদানি নীতির কিছু ধারা আরও ব্যবসাবান্ধব করার বিষয়ে রাষ্ট্রদূতের পরামর্শের জবাবে মন্ত্রী বলেন, অর্থনীতি ও বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিটি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।
কৌশলগত সরঞ্জাম কেনার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট নিয়োগের বাধ্যবাধকতা বাতিলের কথাও তুলে ধরেন তিনি। এতে সরাসরি প্রস্তুতকারকের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক জ্বালানি ট্রেডিং কোম্পানি ‘গানভর’-এর সঙ্গে চুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। মন্ত্রী বলেন, সব ক্ষেত্রে জাতীয় স্বার্থ সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
সময়ের আলো/এমকে