পাবনার আটঘরিয়াতে বহুল আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার চণ্ডিপাশা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা গ্রামের আহম্মদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহত আদম আলী নিষিদ্ধ চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, নিহত আদম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা গ্রামের তমা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।
হত্যাকাণ্ডের বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার আশ্রাফ জানান, কোন কিছু কেনার জন্য তিনি বাজারে এসেছিলেন। বাড়ি ফেরার সময় গুলি করে পথে মধ্যে তার মোটরসাইকেলের গতি রোধ করে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে হত্যা করেছে। মৃত ব্যক্তির নামে থানাতে হত্যা এবং ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। আশা করছি খুব দ্রুতই ঘটনার সাথে সম্পৃক্ত হত্যাকারীরা বা খুনিরা পুলিশের হাতে আটক হবে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানাতে কোন অভিযোগ করেনি। পুলিশ ঘটনা বিষয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা