নিরাপদ উপায়ে লাউ চাষে সফল কৃষক কামরুল

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

‎ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীসংলগ্ন রুপসিয়া গ্রামে মাচাজুড়ে ঝুলছে সারি সারি লাউ। সবুজ পাতার আড়ালে বড় হয়ে ওঠা

2026-09-07T22:25:30+00:00
2026-09-07T22:25:30+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিরাপদ উপায়ে লাউ চাষে সফল কৃষক কামরুল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম 
নিরাপদ উপায়ে লাউ চাষে সফল কৃষক কামরুল। ছবি : সময়ের আলো
‎ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীসংলগ্ন রুপসিয়া গ্রামে মাচাজুড়ে ঝুলছে সারি সারি লাউ। সবুজ পাতার আড়ালে বড় হয়ে ওঠা লাউয়ের সমারোহে মুখর কৃষক কামরুল ইসলামের ক্ষেত। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ উপায়ে লাউ চাষ করে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

‎প্রায় ১৫ বছর আগেও কামরুল ইসলাম ছিলেন সাধারণ একজন কৃষক। মৌসুমি ফসল চাষ করলেও তাতে সংসারের চাহিদা মেটানো কঠিন ছিল। পরে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন তিনি। প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় ধীরে ধীরে লাউ চাষের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে লাউ চাষই তার আয়ের অন্যতম প্রধান উৎস।

Advertisement
‎২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষি চর্চা (গিএপি) অনুসরণ করে লাউ চাষ করেন।

‎এ পদ্ধতিতে সেচের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। জমিতে ব্যবহার করা হচ্ছে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার। কীটপতঙ্গ দমনে রাসায়নিকের পরিবর্তে জৈবিক পদ্ধতি হিসেবে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা।

‎কৃষক মাঠ স্কুল থেকে উত্তম কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার পর সেগুলো অনুসরণ করেই নিরাপদ উপায়ে লাউ চাষ করছেন কামরুল। এতে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ সবজি উৎপাদন সম্ভব হচ্ছে বলে জানান তারা।

‎কামরুল ইসলাম ইতোমধ্যে ক্ষেত থেকে ২০০টির বেশি লাউ বিক্রি করেছেন। বাজারেও পেয়েছেন ভালো দাম। এখনো তার ক্ষেতের গাছে ঝুলছে ২০০টির বেশি লাউ। ভালো ফলন ও বাজারদর পাওয়ায় খুশি এই কৃষক।


‎কামরুল ইসলাম বলেন, আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো কঠিন ছিল। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।

‎বর্তমানে প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করছেন কামরুল। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দুজন শ্রমিক। ক্ষেত থেকে লাউ তুলে পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি নিজেও বাজারে নিয়ে যান তিনি। তার ক্ষেতের টাটকা লাউ কিনতে দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসেন।

‎কামরুল বলেন, বড় কোন বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আয় করা সম্ভব হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনা রয়েছে তার। ইতোমধ্যে প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করেছেন বলেও জানান তিনি।

‎ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ জানান, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়ে চাষাবাদেও সহযোগিতা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে কামরুলের উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, ঝালকাঠি সদর উপজেলায় প্রতিবছরই লাউয়ের বাণিজ্যিক আবাদ বাড়ছে। চলতি মৌসুমে উপজেলায় ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমির উৎপাদিত লাউয়ের বাজারমূল্য আনুমানিক এককোটি টাকার বেশি।

সময়ের আলো/আতা
  বিষয়:   নিরাপদ উপায়ে লাউ চাষ  লাউ চাষ  সফলতা  কৃষক  সময়ের আলো  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: