কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকনের (৫৫) আকস্মিক মৃত্যু হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিনভর গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানোর কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে মারা যান তিনি।
সোমবার নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন খোকন। এ সময় প্রার্থিতা নিয়ে আলোচনা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’
দিনভর প্রচার-প্রচারণা শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফেরেন খোকন। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১টার দিকে খোকনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টার দিকে খোকনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজানও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি খোকনের গ্রামের বাড়িতে যান।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
সময়ের আলো/কেএইচ