পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। উপায় না পেয়ে তারা ট্রলার ও স্পিডবোটে পারাপার হচ্ছেন।
জানা গেছে, এ রুটে দুইটি ফেরি দিয়ে যানবাহন ও অসাধারণ যাত্রীরা পারাপার হতো। এর মধ্যে একটি ফেরী দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ওই একটি ফেরিও চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলেন, এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও দুই দিন ধরে বন্ধ রয়েছে। এখানে ভালো কোনো ফেরি নেই।
স্থানীয় বাসিন্দা বাবু শিকদার বলেন, এ ঘাটে মাঝেমধ্যেই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। এখন পদ্মায় তীব্র স্রোত থাকায় দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে অনেক যানবাহন ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে। ফলে দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি তারা দেখছে।
ফেরি চলাচল দ্রুত স্বাভাবিক না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে আরও দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সময়ের আলো/আতা