রোমের কাছে কঠোর ব্যবস্থা চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থার ঘটনায় সংসদে প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির

2026-09-09T01:04:29+00:00
2026-09-09T01:04:29+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাঁধনকে হেনস্থা
রোমের কাছে কঠোর ব্যবস্থা চেয়েছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ এএম 
ইতালির ভেনিসে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থার ঘটনায় সংসদে প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের বিএনপির সদস্য জহরত আদিব চৌধুরী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনও বিষয়টি তুলে ধরে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। 

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রতিবাদ জানান জহরত আদিব চৌধুরী। বেলা সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে শুরু হয়। সংসদে জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি হয়তো পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না তবে এটি গুরুত্বপূর্ণ এবং সারা দেশের মানুষের প্রতিক্রিয়া রয়েছে। তাই স্পিকারের বিশেষ অনুমতি নিয়ে বিষয়টি সংসদে তুলছেন। 

Advertisement
জহরত বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর কারণেই বাঁধনকে লক্ষ্য করে এই ঘটনা ঘটেছে। একজন গুণী অভিনেত্রী, একজন নারী হিসেবে তার ওপর যে রকম চরমভাবে ফ্যাসিস্ট সরকারের একদম আইডেন্টিফাইড লোকজন... তারা মনে করেছে পৃথিবীর যেকোনো জায়গাতে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন। একজন মহিলার ওপরে এভাবে আক্রমণ করতে পারেন, শুধু সে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ছিল বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে এরই মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। এরপর সরকারের কাছে পদক্ষেপ জানতে চান তিনি।

সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ’ বর্ণনা করে ডেপুটি স্পিকার বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে এলে তার বক্তব্য নেওয়া হবে। প্রশ্নোত্তর পর্ব চলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে এলে ডেপুটি স্পিকার আবার বিষয়টি তার নজরে আনেন। ডেপুটি স্পিকার প্রতিমন্ত্রীকে বিষয়টি সম্পর্কে প্রস্তুতি নিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষে সংসদে বক্তব্য দিতে বলেন।


বিদেশেও জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, আখতার : প্রশ্নোত্তর পর্ব শেষে একই বিষয় নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, একজন পরিচিত বাংলাদেশি অভিনেত্রী বিদেশে গিয়ে হামলার শিকার হয়েছেন এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়াকে তার দোষ হিসেবে দেখানো হয়েছে। আখতার অভিযোগ করেন, বিদেশে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন সময় হেনস্থা ও হামলা করছেন। বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের সদস্য কিংবা সাধারণ মানুষ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কেউ বিদেশে গেলে তাদের হুমকি বা হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আখতার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘের একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলে তার ওপরও এ ধরনের হামলা হয়েছিল। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পরিকল্পনা সরকারের আছে কি না তা জানতে চান তিনি। এরপর ডেপুটি স্পিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জহরত ও আখতারের বক্তব্যের জবাব দিতে বলেন।


জুলাই যোদ্ধার ওপর হামলা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা, হুমায়ুন কবির : সংসদে নিজের প্রথম বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে’ ভূমিকা রেখেছেন তাদেরও অভিনন্দন জানান তিনি। ইতালিতে বাঁধনের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানেই এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা। এ বিষয়ে মঙ্গলবার সকালেই পররাষ্ট্র সচিবের সঙ্গে তার কথা হয়েছে। বাঁধনের ঘটনায় উদ্বেগ জানিয়ে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছেন বলে তথ্য দেন প্রতিমন্ত্রী। মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

হুমায়ুন কবির বলেন, বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে। বাঁধন স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশের দূতাবাসও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি সবচেয়ে কঠোরভাবে তুলবে। বাংলাদেশে অপরাধ করে যারা বিদেশে পালিয়েছে, তাদের ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলেও সংসদকে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের পর আবার কথা বলেন ডেপুটি স্পিকার। তিনি জানতে চান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পরবর্তী সময়ে এ বিষয়ে সংসদকে অবহিত করতে বলেন।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্র নিয়ে ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অন্য কলাকুশলীদের সঙ্গে যোগ দিয়েছেন বাঁধন। বাংলাদেশ সময় সোমবার রাতে ইতালির মেস্ত্রে এলাকায় বাঁধন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন। 

ফেসবুকে তিনি অভিযোগ করেন, নিজেদের আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে কয়েকজন তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়ে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। ঘটনার সময় বাঁধনের সঙ্গে তার ভাই, ভাবী ও তাদের চার বছর বয়সি সন্তান ছিলেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   রোম  কঠোর ব্যবস্থা  ঢাকা  বাঁধন  হেনস্থা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: