নারী-পুরুষ দুই বিভাগেই কাজাখস্তান বধ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নারীদের জয়রথ চলছেই। হ্যাটট্রিক জয়ে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার উচ্ছ্বাস এবার যুক্ত হয়েছে পুরুষ দলের

2026-09-09T02:39:59+00:00
2026-09-09T02:39:59+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি
নারী-পুরুষ দুই বিভাগেই কাজাখস্তান বধ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নারীদের জয়রথ চলছেই। হ্যাটট্রিক জয়ে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার উচ্ছ্বাস এবার যুক্ত হয়েছে পুরুষ দলের সাফল্যও। প্রথম দুই ম্যাচে হারের পর কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। একই দিনে নারী দলও ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে। ফলে দুই বিভাগেই এলো গুরুত্বপূর্ণ জয়। নারী দলের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যালেঞ্জার পুলের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ১০ দলের টুর্নামেন্টে সেরা ছয়ের জায়গাও নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন। শুরুতেই গোল পাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। তার ফিল্ড গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পরও আক্রমণাত্মক হকি ধরে রাখে দলটি। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা।

Advertisement
এর পাঁচ মিনিট পরই আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন সারিকা রিমন। অধিনায়কের দ্বিতীয় গোলেই ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। পুরো ম্যাচে রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয়ে কাজাখস্তানকে বড় কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের দল। এই জয়ে চ্যালেঞ্জার পুলে তিন ম্যাচে তিন জয় হলো বাংলাদেশের মেয়েদের। এর আগে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে শেষ ম্যাচের আগেই গ্রুপসেরার মুকুট নিশ্চিত হয়েছে। একই সঙ্গে সেরা ছয়ে জায়গা করে নিয়ে পরের ধাপের টিকেটও নিশ্চিত করেছে দলটি।


অন্যদিকে পুরুষ দলটির জন্য কাজাখস্তানের বিপক্ষে জয়টি ছিল ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়ে আসরে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই কাজাখস্তানের বিপক্ষে পাওয়া এই জয় শুধু পয়েন্টের খাতা খোলেনি, দলের আত্মবিশ্বাসও ফিরিয়েছে। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় মুন্না ইসলাম বলেন, ‘ম্যাচটা ভালোই ছিল, ফার্স্ট হাফে অনেক গোল মিস করার কারণে একটু কঠিন হয়ে গিয়েছিল। পরে কোচ আমাদের কিছু ইনফরমেশন দেয় যার ফলে পরবর্তী হাফ আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল।’

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   কাজাখস্তান বধ  এশিয়া কাপ হকি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: