চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিম (১৯) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত হামিম চৌধুরী ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ঘাতক রোহানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে হামিমের বিরোধকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাতে সেই রেশ ধরেই হামিমের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের মারামারি হয়। একপর্যায়ে হামিমকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সিটি সেন্টার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন হামলাকারীদের আটকের চেষ্টা করেন। এ সময় ঘাতক রোহান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।’
সময়ের আলো/মহু