প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম
কিশোরগঞ্জে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ছবি : সময়ের আলোপরিবহন মালিকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে বেসরকারি বাস চলাচল। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী ও ঢাকা থেকে কিশোরগঞ্জে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নত করতে পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি দেন।
তিনি বলেন, কিশোরগঞ্জের পরিবহন মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকেরা তাদের পুরোনো বাস পরিবর্তন করেননি। বরং এ রুটে আরও দুটি বাস যুক্ত করেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।
শহীদুল ইসলাম শহীদ জানান, গতকাল শনিবার ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে কিশোরগঞ্জের মালিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
সমিতির এ সিদ্ধান্তে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ি পরিবহনের ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে চার পরিবহনের ২৩৭টি বাস বন্ধ থাকায় এ রুটে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
সময়ের আলো/জোই