পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত এ বইমেলায় দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। এতে ইসলামি জ্ঞানচর্চা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এবারের মেলায় দেশি-বিদেশি ‘২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান’ অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের স্টলে কুরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস ও গবেষণাধর্মী বইয়ের পাশাপাশি ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী নানা বই পাওয়া যাবে।
দেশের পরিচিত প্রকাশনা সংস্থার পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠানও তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে এক জায়গা থেকেই পাঠকেরা বিভিন্ন প্রকাশকের বই দেখার ও সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণদের মধ্যে পবিত্র কুরআন, হাদিস ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াও এ বইমেলার অন্যতম লক্ষ্য।
দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামি বইয়ের সমাহারে মেলায় দর্শনার্থী ও পাঠকের ব্যাপক উপস্থিতি হবে বলে আশা করছে আয়োজক সংস্থা। বইমেলা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সময়ের আলো/এসএকে