দেশের ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আট বিভাগের পাঁচটিতেই ‘উদ্বেগজনক’ ডেঙ্গু পরিস্থিতি। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার

2026-09-10T01:49:33+00:00
2026-09-10T01:57:20+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশের ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ এএম  আপডেট: ১০.০৯.২০২৬ ১:৫৭ এএম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
দেশের আট বিভাগের পাঁচটিতেই ‘উদ্বেগজনক’ ডেঙ্গু পরিস্থিতি। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া যাচ্ছে। তাই সংসদ সদস্যদের প্রতি নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বুধবার জাতীয় সংসদে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর প্রতি শনিবার সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

Advertisement
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে পানি জমতে পারে এমন জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে যুক্ত হতে হবে। ডেঙ্গুর প্রকোপ বেশি এমন এলাকার উপজেলা হাসপাতালগুলোয়ও বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীদের জন্য অন্তত পাঁচটি শয্যা আলাদা করে প্রস্তুত রাখতে বলা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন সরকারের কাছে পর্যাপ্ত রয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মশারির মধ্যে রাখার ব্যবস্থাও করা হবে। আক্রান্ত রোগীকে কামড়ানো মশা যেন অন্য কাউকে কামড়ে নতুন করে সংক্রমণ ছড়াতে না পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না গেলে আগামী তিন মাসে রোগীর সংখ্যা এখনকার তুলনায় দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। সেখানে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সময় সারা দেশে একই সঙ্গে কর্মসূচি শুরু হবে। রেড ক্রিসেন্ট, স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের স্বেচ্ছাসেবক ও বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এতে অংশ নেবে। সিটি করপোরেশনগুলো প্রতিদিন তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এর পাশাপাশি প্রতি শনিবার দেশব্যাপী বিশেষ কর্মসূচি চলবে।

প্রতিমন্ত্রী জানান, ১২ সেপ্টেম্বর একই সময়ে ১১টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন এবং ৫০৩টি উপজেলা প্রশাসন এই অভিযানে অংশ নেবে।


পাট রফতানিতে আয় ৮৪ হাজার কোটি টাকা : সরকারি দলের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। ওই সময়ে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রফতানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে। 

এ ছাড়া ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রফতানিতে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রফতানি হচ্ছে। তবে বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রফতানি স্থগিত রয়েছে।

চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বস্ত্র চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নীট কাপড় ৪০০ কোটি মিটার ও ওভেন কাপড় ৪০০ কোটি মিটার। দেশে নীট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ এবং ওভেন কাপড়ের ঘাটতি ৬০ শতাংশ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   দেশ  বিভাগ  ডেঙ্গু  উদ্বেগজনক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: