প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৩:২৪ পিএম
প্রতীকী ছবি জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৪৫) নামে অটোচালকের মৃত্যু হয়েছে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার ১৫ বছর বয়সী মেয়েও।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। নিহত কাঞ্চন মিয়া চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমলতী বাজারের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন মিয়া প্রতিদিনের মতো বুধবার রাতে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি চার্জে দিয়েছিলেন। সকালে জীবিকার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ থাকায় পুরো অটোটি বিদ্যুতায়িত ছিল। অটোতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় বাবাকে বাঁচাতে কাঞ্চনের ১৫ বছর বয়সী মেয়ে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত বাবা-মেয়েকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চার্জে থাকা অটোরিকশাটি বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়ার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন