প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৩:২৫ পিএম
প্রতীকী ছবি নেত্রকোণার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে আলী (১১) নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে স্থানীয় জেলেদের জালে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলীর মা-বাবা উভয়েই জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। সে গ্রামে দাদা আবু তাহেরের কাছে থাকত। বুধবার দুপুরে বাড়ির পাশে সাপমারা খালে মুখ ধোয়ার জন্য যায় আলী। মুখ ধোয়ার একপর্যায়ে সে খালের পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেলে খালে কর্মরত জেলেদের ফেলা জালে শিশুটির মরদেহ উঠে আসে।
স্থানীয়রা জানান, নিহত আলীর মৃগীরোগ ছিল। খালে নামার পর হঠাৎ রোগটি ওঠায় সে আর পানি থেকে উঠে আসতে পারেনি বলে তাদের ধারণা। স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, শিশুটির মা-বাবা ঢাকায় থাকায় সে দাদার কাছে থেকে পড়াশোনা করত। খালের পানিতে ডুবে তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন