নেত্রকোনার মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে এলাহি (৬০) নামে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে মদন থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশকিপাড়া এলাকার বাসিন্দা এলাহির সঙ্গে তার ছেলে ইয়াসিনের বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাব আহত করে। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মদন থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/মহু