প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
ছবি : সময়ের আলোশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কোটি টাকার ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাহক যাত্রী মো. শরীফকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরন করে শাহ আমানতে। ফ্লাইটে তল্লাশি চালিয়ে যাত্রী শরীফের কাছ থেকে এসব সোনার গহনা জব্দ করা হয়। গহনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার জেদ্দা থেকে আসা বিজি-১৩৬ নম্বর ফ্লাইটটি বেলা ১১টা ৫০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করে কর্মরত গোয়েন্দা সংস্থা ও কাস্টমস সদস্যরা। পরে ওই যাত্রীকে যৌথভাবে তল্লাশি করা হয়।
এ সময় যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকারের ১ হাজার ৪৮২ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়। অভিযানে ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য। জব্দ করা সোনার চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে চোরাচালান আইনে মামলার প্রক্রিয়া চলছে।
শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল সময়ের আলোকে বলেন, বিমান বন্দরে সব সময় বিভিন্ন সংস্থার সদস্যরা নজরদারি করেন। নিয়মিত নজরদারি সময় যাত্রী শরীফের কাছ থেকে বিপুল স্বর্ণ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সময়ের আলো/আতা