প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম
২১৭ বোতল ভারতীয় মদসহ আটক ব্যক্তিরা। ছবি : সংগৃহীতজামালপুরে ডিবির অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ডিবি জানায়, এসব জব্দ মদের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া একটি ১৫০ সিসি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি-১ এর আভিযানিক দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানকালে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), একই গ্রামের মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭), নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
রোববার দুপুরে আটক ব্যক্তিদের জামালপুর প্রেরণ করা হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
সময়ের আলো/এনএন