রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া।
দিপু সুলতান রাজধানীর গেন্ডারিয়ার টিএস পোস্ট অফিস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি সেখানকার কোনো স্টাফ বা রোগি ছিলেন না।
এসআই নাঈম উল ইসলাম বলেন, ‘রাসেল নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি প্রায় ৩টি সিগারেট খান। কয়েকবার নিচে তাকান। এরপর ছাদ থেকে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তি বেকার ও মাদকাসক্ত ছিলেন। আগে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন থাকলেও আসক্তির কারণে কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। তার ১১ বছরের একটি সন্তান রয়েছে।
পারিবারিক কলহ ও বিবাহ বিচ্ছেদের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সময়ের আলো/মহু