প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবিরংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন মমতাজুর রহমান নামে মাদক কারবারি।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে হাতকড়া উদ্ধার হলেও অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
মমতাজুর রহমান গোপালপুর ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রংপুর জেলা ডিবি পুলিশের সাদা পোশাকধারী একটি দল শিবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মমতাজুর রহমানকে মাদকসহ আটক করে হাতে হাতকড়া পরায়। পরে পুলিশের গাড়িতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান। ঘটনার পর তাকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। গভীর রাতে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হাতকড়াটি উদ্ধার করা হয়। কিন্তু অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ফরহাদ ও গোলাম মোস্তফা জানান, মমতাজুর রহমান এলাকায় পরিচিত মুখ এবং বিএনপির রাজনীতিতে যুক্ত। তিনি গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মমতাজুর রহমানের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল বলেন, মমতাজুর রহমান একসময় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তবে মাদক কারবারি ও মাদকসেবীদের বিএনপিতে কোনো স্থান নেই। কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আজিজুল হক বলেন, কেউ বিএনপির কথা বলে মাদক, জুয়া, হাউজি কিংবা অন্য কোনো অবৈধ কাজে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া দরকার। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনা সত্য। জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশকে সহায়তা করার জন্য এলাকায় গিয়েছিলাম। গভীর রাতে গ্রাম পুলিশ, এলাকার লোকজনসহ বিভিন্ন মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন