প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। ছবি : সংগৃহীতবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন। দেশে দুটি নামকরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখানে গত সপ্তাহে তাঁর মাথার বাম পাশে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা কামনায় ইতোমধ্যে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছোট ভাই আহসানুল কবীর। তিনি পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি।
পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত সময়ের আলোকে বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির একজন জ্যেষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর রোগমুক্তি কামনায় জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন তাঁরা।
অধ্যক্ষ আলমগীর হোসেন ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সময়ের আলো/এনএন