দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে। অভিযুক্ত দুই ভাতিজা— তামজিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম (যিনি সেনা সদস্য বলে জানা গেছে) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলামের বাড়িতে ফুফু, দাদি ও অন্যান্য সদস্যরা জমিজমা — তামজিদুল বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তার দুই ভাতিজা তামজিদুল ও জাকিরুল মোটরসাইকেলে করে এসে অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে ‘তুই কিসের জমির ভাগ পাবি?’ বলে তারা চাচা রফিকুল ইসলামের ওপর চড়াও হন।
রফিকুল ইসলাম তখন মায়ের অধিকারের পক্ষে কথা বললে দুই ভাতিজা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে খাটের ওপর লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে পুলিশের গোয়েন্দা সংস্থাও (ডিএসবি) তৎপর রয়েছে।
সময়ের আলো/জোই