লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর ইয়েমেনের পশ্চিম উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার দাবি করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি-সমর্থিত বাহিনীকে ছয়টি জেলা থেকে হটিয়ে দিয়ে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, গত ৩ সেপ্টেম্বর অভিযান শুরু হয়। তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে সরিয়ে দেয়াই ছিল অভিযানের মূল লক্ষ্য।
হুথিদের দাবি, অভিযানে ৩৮টি ব্রিগেড নিয়ে গঠিত সাতটি সামরিক ইউনিটে হামলা চালানো হয়। এতে শত শত মানুষ নিহত, আহত বা আটক হয়েছে। পাশাপাশি সৌদি-সমর্থিত বাহিনীর হাতে আটক ইয়েমেনি বন্দীদের মুক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, অভিযানের সময় নয়টি বিমান ভূপাতিত করা এবং মোট ৩২টি বিমান প্রতিরক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে।
লোহিত সাগরের বাণিজ্যপথ নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হুথিরা। তারা জানিয়েছে, সৌদি জাহাজ ছাড়া অন্য সব কোম্পানির জাহাজের জন্য সমুদ্রপথ নিরাপদ থাকবে। তবে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।
ইয়াহিয়া সারি বলেন, ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে, যতক্ষণ না আগ্রাসন বন্ধ এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হয়।
সময়ের আলো/এমকে