কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কলকাতার সারসুনায় বন্দুকের মুখে ১৮ বছর বয়সী এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে জোর করে পোশাক খুলিয়ে জনাকীর্ণ

2026-10-27T11:47:48+00:00
2026-10-27T11:47:48+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম 
বন্দুকের মুখে তিনজনকে নগ্ন করে ঘোরানোর আগে ছেলেকে গুলি করতে বলা হয়েছিল বলে অভিযোগ বাবার। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতের কলকাতার সারসুনায় বন্দুকের মুখে ১৮ বছর বয়সী এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে জোর করে পোশাক খুলিয়ে জনাকীর্ণ সড়ক দিয়ে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করার অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরীর পরিবারের বিরুদ্ধে। গত রোববার এ ঘটনা ঘটে। ওই তরুণের সঙ্গে কিশোরীর সম্পর্ক মেনে নিতে না পেরে পরিবারের সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কিশোরীর বাবা-মা ও তার মামা রাহুল বর্মনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় রাহুল বর্মনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যায় লক্ষ্মীপূজা উপলক্ষে ওই তরুণ কিশোরীর সঙ্গে দেখা করতে বসুন্ধরা পার্কে যান। সেখানে অভিযুক্তরা তরুণ ও তার বন্ধুকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে ফোন করে তরুণের বাবাকেও ঘটনাস্থলে ডেকে আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাহুল বর্মন একটি অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি তরুণ, তার বাবা ও বন্ধুর দিকে পিস্তল তাক করে তাদের হত্যার হুমকি দেন। এ সময় তিনজনকেই মারধর করা হয়। 

ছেলেকে গুলি বা ছুরিকাঘাত করতে বাবাকে চাপ

ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তরুণের বাবা অভিযোগ করেছেন, রাহুল বর্মন তাকে নিজের ছেলেকে পিস্তল দিয়ে গুলি করতে অথবা ওভেনে গরম করা একটি ছুরি দিয়ে আঘাত করতে বলেন। বাবা এতে রাজি না হওয়ায় তিনজনকেই জোর করে পোশাক খুলতে বাধ্য করা হয়। এরপর তাদের নগ্ন অবস্থায় প্রধান সড়ক দিয়ে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে।


তরুণের বাবা জানান, অভিযুক্তরা তাদের সরু গলি দিয়ে যেতে দেননি। বরং ইচ্ছাকৃতভাবে জনাকীর্ণ প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘যখন ওরা আমাদের নগ্ন করে ঘোরানোর সিদ্ধান্ত নেয়, তখন আমাদের সরু গলি দিয়ে হাঁটতে দেওয়া হয়নি। আমাদের জনাকীর্ণ প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। লোকজন ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে ভাইরাল হয়ে যায়।’

এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা, পুরুষদের শ্লীলতাহানি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার। কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় এসব অভিযোগ আনা হয়েছে।

এদিকে, রোববার রাতে ও সোমবার সকালে বসুন্ধরা পার্কের একদল ক্ষুব্ধ বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারসুনা থানার পুলিশ সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  কলকাতা  প্রেমিক  বাবা  বন্ধু  নগ্ন  হাঁটা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: