ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ‘সেরা পরিচালক’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ক্যাম্পারি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর আগে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’।
যুদ্ধের ভয়াবহতার মধ্যে একটি শিশুর মনস্তাত্ত্বিক অনুভূতি ও মানবিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হাওয়াই মিঠাই’। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার একটি ব্যতিক্রমী ঘটনাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটিতে যুদ্ধের নির্মম বাস্তবতা ও শিশুমনের সংবেদনশীল দিক তুলে ধরা হয়েছে। গল্প বলার অভিনব ধরন ও মানবিক উপস্থাপনা বিচারকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। এটি আমার প্রথম পুরস্কার। এর আগে আমার নির্মিত কাজ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
নিজের নির্মাণ যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘হাওয়াই মিঠাই’ তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য আলফা আইয়ের ব্যানারে ‘জহরে কহরে’ নামে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পরে চরকির জন্য ‘গ্যাড়াকল’ ও ‘টিফিন বক্স’ নামে একটি ফ্ল্যাশফিল্ম নির্মাণ করেন।
‘হাওয়াই মিঠাই’ চলচ্চিত্রের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছেন— এমন প্রশ্নের জবাবে রাকায়েত রাব্বি বলেন, পৃথিবীর সব যুদ্ধ বন্ধ হোক এবং যুদ্ধের কারণে বিচ্ছিন্ন শিশুরা যেন মায়ের কোলে ও পরিবারের কাছে ফিরে যেতে পারে। তারা যেন পরিবারের ভালোবাসায় সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারে। কোনো শিশুকে যেন হাওয়াই মিঠাইয়ের মতো সামান্য প্রলোভন দেখিয়ে যুদ্ধের নির্মমতার দিকে ঠেলে দেওয়া না হয়— এটাই তার প্রত্যাশা।
রাকায়েত রাব্বির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে আনন্দিত ও গর্বিত তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তার এ অর্জন বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে বলে জানিয়েছে বিভাগটি।
সময়ের আলো/জোই