নেত্রকোনার মদন উপজেলায় বরযাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলারের ইঞ্জিনের সঙ্গে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী ভোলা জেলা সদরের ম. শামীমের স্ত্রী। তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার ছেলে সুজ্জামানের (৩০) সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে মোছা. তামান্নার বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বরযাত্রীরা কনে নিয়ে ট্রলারযোগে ফিরে মদন পৌরসভার দেওয়ান বাজার ঘাটে পৌঁছান। ট্রলার থেকে যাত্রীরা নামার সময় হঠাৎ ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে রিনা আক্তারের বোরখা ও চুল পেঁচিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পরপরই স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই