একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন থেকে বাদ পড়া এবং পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ও আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন করা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফল ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করেছেন, তারা পছন্দক্রমসহ আবেদন সংশোধনের সুযোগ পাবেন।
এ ছাড়া গত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এই দুই দিনে আবেদন করতে পারবেন। একই সময়ের মধ্যে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।
একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। কোনো ভর্তি পরীক্ষা হবে না, এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজ নির্ধারণ করা হবে। আবেদন ফি ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৯ সেপ্টেম্বর। ভর্তি চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর, আর ২৩ সেপ্টেম্বর শুরু হবে ক্লাস।
এবার বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরাও পরস্পরের বিভাগে যাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। নির্ধারিত কোটা ও ভর্তি ফি নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
সময়ের আলো/এমকে