ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে।
আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে এবং তার সহযোগী বিলাল মিয়া পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকারিভাবে নিলাম থেকে ক্রয়কৃত ১৭১ বস্তা জিরা ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় হেলাল মহালদারের পিতার মালিকানাধীন নিরাপদ পেট্রোল পাম্পের পিছনে নিয়ে আটকে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। পরবর্তীতে জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় বিষয়টি অবগত করেন।
এ প্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার টহল পুলিশকে অবগত করেন। পরে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদার ও তার সহযোগী বেলাল মিয়াকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যমতে ভুগলী এলাকা থেকে ছিনতাইকৃত (ঢাকা মেট্রো-ড ১১-৮৩৪৭) ট্রাকটি জিরাসহ উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/আতা