চিলির পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে ১৬ প্রবীণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বৃদ্ধাশ্রমটিতে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। এতে ১৬ জন বাসিন্দা নিহত হন। আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থলে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। দমকলকর্মীরা ধসে পড়া ঢেউটিনের ছাদও সরান। নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদার নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশটির সব বৃদ্ধাশ্রমের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
কাস্ত বলেন, ‘কী ঘটেছে তা পরিষ্কার করতে এবং তদারকি বা অগ্নিকাণ্ড প্রতিরোধে কোথাও কোনো ব্যর্থতা ছিল কি না, তা খুঁজে বের করতে আমরা বিচার বিভাগের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। কী ধরনের সতর্কবার্তা দেয়া হয়েছিল এবং সেগুলোর ভিত্তিতে কী পদক্ষেপ নেয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সত্যটা জানতে হবে। এরপর যা যা সংশোধন করা প্রয়োজন, তা করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো বলেন, ‘এটি এমন এক ঘটনা, যা আমাদের গভীর দুঃখ ও কষ্টে নিমজ্জিত করেছে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।’
সময়ের আলো/এমকে