যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চাঁদের মালিকানা দাবি করেছেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ চাঁদের একটি ছবি প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, ‘চাঁদ আমাদের।’ ছবিটির পাশে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকা। কিন্তু এ বিষয়ে আন্তর্জাতিক মহাকাশ আইনে কী আছে?
ট্রাম্পের চাঁদের মালিকানা দাবির বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ আইনের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৬৭ সালের মহাশূন্য চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ ১০০টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা দখলের মাধ্যমে কোনো দেশ মহাশূন্যের কোনো বস্তু নিজেদের বলে দাবি করতে পারে না।
এদিকে, চাঁদের ছবি পোস্ট করার কিছুক্ষণ আগে ট্রাম্প স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের একটি ছবিও শেয়ার করেন। কেউ কেউ ট্রাম্পের পোস্টকে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’-এর সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। এমনকি কেউ কেউ মজা করে ‘স্টার ওয়ার্স ইম্পেরিয়াল মার্চ’ বাজানোর কথাও বলেছেন।
এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, মঙ্গলের পর কি এবার সূর্য দখলের পালা? আরেকজন জানতে চেয়েছেন, মঙ্গলের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে? শুধু চাঁদের ছবি নয়, ট্রাম্পকে নিয়ে প্রকাশিত আরেকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। সেখানে তাকে ডিসি কমিকসের সুপারহিরো গ্রিন ল্যান্টার্ন হিসেবে দেখানো হয়েছে। ছবিতে ট্রাম্প ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং তার হাতে রয়েছে উজ্জ্বল সবুজ রঙের একটি ‘পাওয়ার রিং’ বা ক্ষমতার বলয়।
ছবিটির সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রিন ল্যান্টার্নের বিখ্যাত শপথবাক্যও। সেখানে বলা হয়েছে, উজ্জ্বল দিন কিংবা অন্ধকার রাত কোনো মন্দই চোখের আড়ালে থাকবে না। মন্দের উপাসকেরা ক্ষমতার ভয় করবে, কারণ তাদের সামনে রয়েছে গ্রিন ল্যান্টার্নের আলো।
সূত্র : সিএনবিসি টিভি ১৮
সময়ের আলো/মহু