প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পিএম
সংগৃহীত ছবিইলন মাস্ককে ‘সত্যিকারের প্রতিভাবান’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে এসব কথা বলেন পুতিন। এ সময় তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়েও কথা বলেন। এ প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মাস্ক সম্পর্কে পুতিন বলেন, ‘তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যার মধ্যে মাস্কও আছেন।’
এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।
পুতিন বলেন, রাসভেত ও স্টারলিংকের স্যাটেলাইট যেন কক্ষপথে একে অপরের কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে মাস্কের সঙ্গে যোগাযোগ রাখা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা ও আমাদের মার্কিন অংশীদারেরা বিষয়টিকে পারস্পরিকভাবে গুরুত্বপূর্ণ মনে করি। রাজনৈতিক নানা প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা এ নিয়ে জোরালোভাবে কাজ করছি।’
স্টারলিংকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অন্যদিকে, অনলাইনে স্যাটেলাইটের অবস্থান পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্ষপথে রাসভেতের স্যাটেলাইট রয়েছে মাত্র কয়েক ডজন।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস বুধবার এক বিবৃতিতে রাসভেতকে রাশিয়ার স্টারলিংকের বিকল্প হিসেবে উল্লেখ করেছে। দূতাবাস বলেছে, এ ক্ষেত্রে এটি রাশিয়ার প্রথম পদক্ষেপ মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, মহাকাশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যার মধ্যে ইলন মাস্কও রয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ