সেপ্টেম্বরের শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। মাসের প্রথম ১২ দিনেই এ রোগে ৫২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৯ জন। এর মধ্যে আগস্টে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মৃত্যু হয়েছে দুজন করে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬২৭ জন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।
সময়ের আলো/এমকে