নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা, রাজনৈতিক প্রভাবের অপব্যবহার এবং সরকারি অর্থ ও সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে সাংস্কৃতিক, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা অঙ্গনের ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি আ ন ম আয়াসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান বরাবর আবেদনটি জমা দেন।
আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য, সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, সরকারি অনুদান, বিভিন্ন প্রকল্প ও আর্থিক সুবিধা গ্রহণ এবং সেসব অর্থের ব্যবহার যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
এসডিএফের দাবি, তালিকাভুক্ত ব্যক্তিদের কেউ কেউ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থায়ন কিংবা সহযোগিতা করে থাকতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
তালিকায় বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের ৫০ জন, গণমাধ্যমের ১১ জন, ক্রীড়াঙ্গনের ৬ জন এবং শিক্ষা অঙ্গনের ২৪ জন রয়েছেন।
তালিকায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ফেরদৌস আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, রিয়াজ, মুন্নী সাহা, নাঈমুল ইসলাম খানসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের নাম রয়েছে।
এসডিএফ সভাপতি জানান, আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব।
সময়ের আলো/এমকে