ভাদ্রের টানা বৃষ্টিতে প্রাণ ফিরেছে রংপুরের প্রকৃতিতে। গত ২৪ ঘণ্টায় রংপুরে ৫৩ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করে রংপুর আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর মাঝারি থেকে ভারী বৃষ্টিতে আমনখেতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এতে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে আমন ধানের জমিতে প্রয়োজনীয় পানি সরবরাহ হওয়ায় সেচের খরচ কমবে বলে মনে করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমিতে বৃষ্টির অভাবে ধানের বৃদ্ধি ব্যাহত হচ্ছিল, সেসব জমিতে এ বৃষ্টি উপকারে এসেছে।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুরে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের কিছু জায়গায় পানি জমে থাকায় মানুষের চলাচলেও ভোগান্তি হচ্ছে। তবে এসব সাময়িক দুর্ভোগের মধ্যেও আমন ধানের জন্য বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই ও পোকার আক্রমণ কম হলে এ মৌসুমে আমনের ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা।
সময়ের আলো/আতা