ইরানে যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র সেখানে থেকে যেতে পারে এবং দেশটির তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের উদাহরণ দেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরে গিয়ে বৈঠকের পাশাপাশি গলফ খেলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ এ বছরই শেষ হবে বলে তিনি আশা করছেন। নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম দ্রুত অনেক কমে যাবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়েছে। এর মধ্যে সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।
ট্রাম্প বলেন, তিনি শুধু ‘সঠিক চুক্তি’ করতে চান। ভালো নয়, এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন না। একই সঙ্গে তার দাবি, ইরান নিয়মিত শান্তি আলোচনার জন্য যোগাযোগ করছে। তবে এর আগে তেহরান ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
এর পাশাপাশি ইরান নিয়ে আরেকটি সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ