চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে ৩ দোকান তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে উপজেলার আধুনগর খান হাট-বাজারে এ ঘটনা ঘটে। এতে ৩ ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত ৩টি দোকান হলো কালামের মোবাইলের দোকান, জাহাঙ্গীরের চায়ের দোকান ও ওসমানের পানের দোকান।
ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকালে দোকানে এসে দেখেন দোকানটি নেই। দোকানের মালামালসহ পুরো দোকানটি উধাও হয়ে গেছে। সেখানে দোকানের কোনো অস্তিত্ব নেই।
দোকানের টিন, কাঠামো ও ভেতরে থাকা চা-পাতা, বিস্কুট, পানীয়সহ বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে তার দীর্ঘদিনের ব্যবসা এক রাতেই শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।
তার পার্শ্ববর্তী কালামের মোবাইলের দোকান, ওসমানের পানের দোকানও নিয়ে গেছে। এতে ৩ জনের মোট ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর শুনে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় গ্রহণ করলে তিনি সহাযোগিতা করবেন বলে জানান।
সময়ের আলো/আতা