জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মো. সুরুজ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
স্থানীয়ভাবে আনোয়ার হোসেন পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী হাতেম আলী জানান, বজ্রপাতের পর আনোয়ার হোসেনের শরীরে আগুন ধরে যেতে দেখেন তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছে গিয়ে বুঝতে পারেন, আনোয়ার হোসেন আর বেঁচে নেই।
সময়ের আলো/আতা