ব্যস্ত জীবনে সুস্থ ও ফিট থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ জেতার জন্য খুব দামি কিছুর প্রয়োজন নেই, রান্নাঘরের একটি উপাদানই যথেষ্ট। প্রতিদিন সকালে খালিপেটে মাত্র এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাওয়ার অভ্যাস শরীরে এনে দিতে পারে পরিবর্তন।
হজম প্রক্রিয়ায় সহায়ক
সকালে খালিপেটে অলিভ অয়েল খেলে তা পরিপাকতন্ত্রের ওপর একটি সুরক্ষা কবচ তৈরি করে। এটি পাকস্থলীর অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।
হৃদযন্ত্র সুরক্ষিত রাখা
অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, যা শরীরে ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। সকালে খালিপেটে এটি খেলে রক্তনালি সচল থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
ওজন কমাতে যারা ডায়েট করছেন, তাদের জন্য অলিভ অয়েল দারুণ সঙ্গী। খালিপেটে অলিভ অয়েল খেলে তা দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
লিভার ডিটক্সিফিকেশন
আমাদের শরীরে জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দিতে লিভার প্রধান ভূমিকা পালন করে। সকালে খালিপেটে অলিভ অয়েল খেলে তা লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীরকে ভেতর থেকে ডিটক্স বা বিষমুক্ত করতে সাহায্য করে।
ত্বক ও চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা
অলিভ অয়েলে থাকা ভিটামিন ‘ই’ এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। ভেতর থেকে পুষ্টি জোগানোর ফলে ত্বক হয়ে ওঠে লাবণ্যময় এবং চুলের গোড়া শক্ত হয়।
কীভাবে খাবেন?
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর খালিপেটে ১ চা চামচ থেকে ১ টেবিল চামচ ‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ মুখে পুরে নিন। চাইলে এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ ও গুণ দুই-ই বাড়বে। অলিভ অয়েল খাওয়ার পর অন্তত ২০-৩০ মিনিট অন্য কিছু খাওয়া থেকে বিরত থাকুন।
যেকোনো নতুন অভ্যাস শুরু করার আগে, বিশেষ করে যদি আপনার কোনো ক্রনিক অসুখ বা পিত্তথলির সমস্যা থাকে, তবে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।
সময়ের আলো/প্রিন্ট/জেডি